যেকোনো হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশন এর অধিনস্ত ২ পদাতিক ব্রিগেডসহ আটটি ইউনিটের পতাকা উত্তোলন শেষে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যান্তরীণ কিংবা বহির্হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই গুণগতমান অর্জনের জন্য সেনাবাহিনীকে পেশাগত দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মঙ্গলময় জীবনের অধিকারীর হতে হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়নতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পন্ন্নে একনিষ্ঠভাবে কাজ করবেন।
ভাষণের আগে রামু সেনানিবাসী ‘বীর স্মরণী’ নামে একটি নান্দনিক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিধারক ‘অজেয়’ স্মৃতিস্তম্ভ ‘একটি মাল্টিপারপাস শেড ‘বীরাঙ্গন’ ও আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাক ‘মাতামুহুরী’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান অভ্যর্থনা জানান।
পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।