মৌলবাদের অর্থনীতি স্বাধীনতার চেতনাবিরোধী—তাই বাংলাদেশকে বাঁচাতে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ রুখতে প্রগতিশীল শক্তির ঐক্য জরুরি বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয় দক্ষিণ এশিয় সম্মেলনের প্রথম দিন দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী প্রতিরোধের বিষয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গবেষণা প্রতিবেদন তুলে ধরে অধ্যাপক আবুল বারকাত বলেন, বিশ্বে মোট ১৩০ কোটি মুসলমানের মধ্যে ৭% রাজনৈতিকভাবে উগ্রপন্থী।
সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ উভয়ই বিশ্ব মানবতার শত্রু হয়ে দাঁড়াচ্ছে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক ও মৌলবাদকে সমূলে উৎখাত করতে সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল শক্তির ঐক্য জরুরি।
এ সময় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়ে নিয়ে শঙ্কা প্রকাশ করে এ অর্থনীতিবিদ বলেন, বিচার প্রক্রিয়া এ গতিতে চলতে থাকলে বিচার সম্পন্ন করতে সময় লাগবে আরো প্রায় ৫০০ বছর।
এখন পর্যন্ত এদেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আসেনি বলেও এ সময় ক্ষোভ প্রকাশ করেন এ ড. আবুল বারকাত।