মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বিচারপতিরা নিরপেক্ষ থাকার চেষ্টা করলে তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত— বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
শনিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত ১৯৭১ এর গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার তৃতীয় সিরিজের বই প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে কবি ও রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, মুক্তিযুদ্ধ ও সে সময়ের গণহত্যা নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের বিচারে জিরো টলারেন্স মনোভাব নিয়ে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধীদের বিচার প্রশ্নে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপক্ষে নয় বরং মুক্তিযুদ্ধের পক্ষে থেকে বিচারকাজ চালাতে বিচারপতিদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা।
এর আগে একাত্তরের গণহত্যা-নির্যাতনের তৃতীয় সিরিজের ১০টি বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। বিভিন্ন অঞ্চলের গণহত্যা-নির্যাতন নিয়ে লেখা এ বইগুলোর লেখকরা সবাই তরুণ।