বঙ্গবন্ধুর কারণে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ—যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্রে মানুষ এখন আর বিভ্রান্ত হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গীপাড়া শিশু কিশোর সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ যারা একবেলা পেট ভরে খেতে পারেন না তাদের জন্য বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন। গরিবের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা তা ছোটবেলা থেকেই ছিল বঙ্গবন্ধুর।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে বারবার জেলে যেতে হয়েছে—লক্ষ্য থেকে তিনি সামনে এগিয়ে গেছেন। ছোটবেলা থেকে তার মাঝে তা লক্ষ্য করা গেছে। তিনি গায়ের চাদর অন্যদের দিয়ে দিতেন—বই দিয়ে দিতেন।
এ সময় শিশুদের উদ্দেশে দেয়া বক্তব্যে মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে জাতিকে দূরে ঠেলে দেয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
শিশুদের সুন্দর ভবিষ্যত গড়তে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে বলেন প্রধানমন্ত্রী।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা। এরপর শিশু-কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।