বনানীতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা ও তাদের আসবাবপত্র শনিবার সকালে পুলিশের সহযোগিতায় সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরণে অধিকাংশ আসবাবপত্রই ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানান তারা।
আর তিতাস ও সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই এ ধরণের দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ বাসিন্দাদের। এ বিষয়ে খুব শিগগিরই ক্ষতিপূরণ মামলা করবেন ভবনটির মালিকরা।
এদিকে, আজ এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও তিতাস কর্তৃপক্ষ কোনো কথা বলেনি।
গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের রাস্তার গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে বনানীর ২৩নম্বর রোডের ৯নম্বর বাড়িটিসহ ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। ঘটনার দুদিন পর শনিবার সকাল ১১টার দিকে ভবনের বাসিন্দারা মালামাল সরিয়ে নিতে পুলিশের সহযোগিতায় নিজ নিজ ফ্ল্যাটে যান।
পরে তারা জানান, বিস্ফোরণের কারণে অনেক আসবাবপত্রই ধ্বংস হয়ে গেছে। আর গ্যাস লিকেজের বিষয়টি আগে তিতাসকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা না নেয়ায় দায়ীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করবেন তারা।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও তিতাসের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিতাসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের আগে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে না কর্তৃপক্ষ।