কনসালটেন্সির নামে বিদেশিরা যেনো দেশ থেকে টাকা না নিতে পারে সেজন্য স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মাণের জন্য স্থপতিদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের স্থপতিদের এমন স্থাপত্য নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হতে হবে। জমির স্বল্পতা ও ভবিষ্যত জনসংখ্যার কথা মাথায় রেখে এটা করতে হবে।
সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করাই সরকারের টার্গেট— এ কথা উল্লেখ করে তিনি বলেন, আবাসনের নামে জলাধারগুলো ধ্বংস করা হচ্ছে। খালগুলো দখল করে বক্সকালভার্ট করার প্রয়োজনীয়তাও প্রশ্নের মুখে। তাই রাজধানীর পুকুরগুলো দখল করা যাবে না—পুকুর ভরাট করা যাবে না।
হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, মাষ্টার প্লানের আওতায় উন্নয়ন কাজ করতে হবে এবং নগরীতে ভবন নির্মাণেও আরো যত্নবান হতে হবে।
এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থপতিদের জন্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দ্বিতলবিশিষ্ট নয়নাভিরাম বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিলের এশিয়া অঞ্চলের সভাপতি স্থপতি সাথিরুট নুই তানদানান্দ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ এবং আইএবি সেন্টার উদ্বোধন ও স্থাপত্য উৎসব ২০১৬-এর আহ্বায়ক স্থপতি কাজী গোলাম নাসির।