'হাসিনাবিহীন নির্বাচনের কথা বলে খালেদা জিয়া আমাকে হত্যার চক্রান্ত করছেন' বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা আর কোটালিপাড়ার জনসভায় বোমা পুতে রাখার ঘটনার আগে বিএনপি নেতাদের বক্তব্যেও একই রকম কথা ছিল।
সভার সূচনা বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতির জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করে শেক হাসিনা বলেন, এক এগারোর সময় জিল্লুর রহমান শক্ত হাতে হাল না ধরলে গণতন্ত্র ফিরে আসত কিনা সন্দেহ।
এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা চায় না বলেই দশম সংসদ নির্বাচনে আসেনি বিএনপি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দলের সম্মেলন পেছানোর কথা জানিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারিত থাকলেও ওই তারিখ পরিবর্তন হতে পারে।