মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকরণ অপরাধ আইনে সাজার মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার জাতীয় আইন কমিশনে পাবলিক প্রসিকিউটরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় সৎ ও নিরপেক্ষ থেকে জনগণের ন্যায় বিচার নিশ্চিতে কাজ করে যেতে পিপিদের প্রতি দিক নির্দেশনা দেন আইনমন্ত্রী।
একইসঙ্গে মামলার জট কমানোর পাশাপাশি সরকারি খাস জমি রক্ষণা-বেক্ষণে দেওয়ানী মামলা পরিচালনার তাগিদ দেন তিনি।
খসড়া আইনে দণ্ডের মেয়াদ নিয়ে নানা মহলে এরই মধ্যে প্রশ্ন উঠায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সাজার বিষয়টি আরও যাচাই-বাছাই করে ৫ থেকে ১০ বছরের মধ্যে কীভাবে করা যায় সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।
পিপিদের সম্মানি বাড়ানোর পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে শিগগিরই সরকার উদ্যোগ নেবে বলেও জানান আইনমন্ত্রী।
এছাড়াও আগামী ১ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে লাইব্রেরি করার কথাও বলেন তিনি।