কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে কয়েকটি সামাজিক সংগঠন। কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এ ধরণের হত্যাকাণ্ড ঘটেই চলেছে।
এ বর্বর হত্যার বিচার দাবিতে আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে এই ধরণের হত্যার বিচার সময়মতো না হওয়ার কারণে এর পুনরাবৃত্তি ঘটছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার কের আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবি তাদের।
অপরাধীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সেইসঙ্গে তনু হত্যার বিচার দাবিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়।
একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায় তারা।