কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আগামী ৩০ মার্চ দুপুর বারোটা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হবে।
রোববার তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় গণজাগরণ মঞ্চের রোডমার্চ এ ঘোষণা দেয়া হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এ হত্যার বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কুমিল্লা অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে ৬টি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এর আগে তারা শাহবাগে বিক্ষোভ মিছিল করেন। কুমিল্লা যাওয়ার পথে পাঁচটি জায়গায় পথসভা করবে জনজাগরণ মঞ্চ। বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ে জনসভা করার কথা রয়েছে তাদের।
এছাড়া সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লাবাসী আয়োজিত মানববন্ধনে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বক্তারা। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তারা।
এছাড়া, তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লার নন্দনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে অবস্থান নেয় তারা।
এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবিতে রাজবাড়িতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। একই দাবিতে দিনাজপুর ও কিশোরগঞ্জেও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।