মৃত্যুকে জয় করে যীশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস- ইস্টার সানডে আজ। রোববার গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করছেন বিশেষ এ দিনটিকে।
মানুষকে পরিত্রাণের পথ-সন্ধান দিতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন যীশুখ্রিষ্ট।
প্রতিদিনই নতুন সূর্যোদয়, নতুন দিন। আঁধার কেটে আলোর পথে যাত্রা। তবে এই রোববার অন্যরকম। খ্রিস্ট ধর্ম মতে, এ দিন মানবমুক্তির কান্ডারি যীশু খ্রিস্টের মৃত্যুকে জয় করে পুনরুত্থানের দিন- ইস্টার সানডে।
দিনের শুরুতেই খ্রিস্টভক্তরা প্রাতঃকালীন প্রার্থনা উৎসবে যোগ দিতে সমবেত হন বিভিন্ন গির্জাতে। এ যেন এক সর্বজনীন মহামিলন। সমবেত প্রার্থনা ও সঙ্গীতে ঈশ্বর ও যীশু খ্রিস্টের স্তুতি।
পুনরুত্থিত যীশুর কাছে প্রার্থনা, কলুষমুক্ত নতুন মানুষ হতে পারার আশীর্বাদ।
বিশেষ দিন। তাই প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন। সবার কন্ঠে একই সুর, একটাই প্রার্থনা - বিশ্বজুড়ে, বিশেষ করে বাংলাদেশে শান্তি বর্ষিত হোক। দূর হোক অস্থিরতা নবজীবন সঞ্চারী কল্যাণ শক্তিতে।