আদালত অবমাননায় দোষী সাব্যস্ত দুই মন্ত্রীর পদত্যাগের বাধ্যবাধকতা নেই সংবিধানে— বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
আনিসুল হক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে দুই মন্ত্রীকে যে জরিমানা করা হয়েছে, তাতে সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হয়নি। সেইসঙ্গে তাদের শপথও ভঙ্গ হয়নি—এ কারণে তাদের পদত্যাগ করতে হবে না।
তিনি আরো বলেন, সংবিধান ক্ষুণ্ণ হওয়ার মতো কোনও বিষয় ঘটেনি, এমনকি দুই মন্ত্রীর পদত্যাগের বাধ্যবাধকতাও নেই। তবে পদত্যাগ করবেন কি-না সে বিষয়টি দুই মন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগদেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৈঠক শেষে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়ে দণ্ড পাওয়া দুই মন্ত্রী বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ ঘটনায় বিব্রত সরকার, দলে কিংবা সরকারে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওই বক্তব্যের কারণে আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে সাজা দেয় আপিল বিভাগ।