বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশের কেউ জড়িত আছে কি-না?—তা নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিন মঙ্গলবার র্যা লি চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক দুদককে কোনো চিঠি না পাঠালেও ২০১৫ সালের মানি লন্ডারিং আইনে কোন সংস্থার কী কাজ, তা ভাগ করে দেয়া রয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে তদন্ত চলছে; সরকার একটি কমিটি করেছে এবং সিআইডি রয়েছে। অনুসন্ধান চলছে, দেশের কেউ জড়িত কি-না? বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুদক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রিজার্ভ জালিয়াতির ঘটনা পর্যবেক্ষণে দুদকের পক্ষ থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও নজরদারি করছেন।