সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বুধবারও বিক্ষোভ সমাবেশ ও প্রতীকি অনশন পালন করছে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এ হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করা সম্ভব।
এদিকে, আন্দোলন ছাড়া এ হত্যাকান্ডের বিচার পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কমিউনিষ্ট পার্টির মহিলা সেলের নেতারা।
রাজধানীতে ইডেন মহিলা কলেজের সামনে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
প্রেসক্লাবের সামনে কমিউনিস্ট পার্টি এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকালে প্রতীকি অনশনের আয়োজন করে।
এ সময় রাজনৈতিক নেতারা বলেন, তনুর হত্যাকারীদের বিচার না হলে এ ধরনের ঘটনা আরো বাড়বে।
এদিকে, নীলফামারী, নড়াইল ও রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তনুর ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশাল নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।