নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সংখ্যালঘুদের অস্তিত্ব ঐক্যবদ্ধভাবে সকলকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, সভ্যতার শুরু থেকেই অস্তিত্ব সঙ্কটে সংখ্যালঘুরা। তাই সংখ্যালঘুদের উপর হাত দিলে বসে থাকবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমান সরকারের সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে হতাশা ব্যক্ত করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগকে ধর্ম নিরপেক্ষ চরিত্র থেকে বিচ্যুত হওয়া চলবে না। সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে বক্তারা সংখ্যালঘুদের ব্যাপারে আরো যত্নবান হতে সরকারের প্রতি আহ্বান জানান।