কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যেখানে শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু মরদেহ পাওয়া গেছে সে এলাকা পরিদর্শন করছে সিআইডির একটি তদন্ত দল।
তনুর মরদেহ থেকে সংগ্রহ করা নমুনার কয়েকটি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এসব নমুনার রিপোর্ট পেলে ময়না তদন্তের রিপোর্টও জানা যাবে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কামুদা প্রসাদ সাহা।
মামলার তদন্তে শুক্রবার সিআইডির তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি দল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যেখানে তনুর মরদেহ পাওয়া যায় সে জায়গা পরিদর্শনে গেছেন। ক্যান্টনমেন্ট এলাকায় তনুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তারা।
এদিকে রাজধানীর শান্তিনগরে তনু হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি শান্তিনগর শাখা বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় দলের নেতারা বলেন, এ হত্যার ঘটনায় সরকার কোনো কথা না বলায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও হত্যার মত ঘটনা একের পর এক ঘটে চলেছে।
প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার এগারো দিন পেরিয়ে গেছে। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কেউ এখনো গ্রেপ্তার হয়নি।