অটিজম বৈশিষ্টের অধিকারি শিশুদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অটিজমে আক্রান্ত শিশুদের দায়িত্ব নেবে রাষ্ট্র এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠী অবহেলিত থাকবে না বরং তাদের জন্য সুন্দর পরিবেশ করে দেয়া হবে।
মেধা বিকাশের সুযোগ দিলে অটিজমে আক্রান্ত শিশুরাও অনেক কিছু সমাজকে দিতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা এখন ক্রিকেটসহ নানা খেলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে-- আগে মানুষের কাছে তাদের হেয় হতে হতো—এখন সেই সুযোগ নেই এবং থাকাও উচিত নয়।
অটিস্টিকদের শিক্ষার সুবিধার্থে আলাদা সফটওয়্যার তৈরি করতে উদ্যোক্তাদের প্রতি দিকনির্দেশনাও দেন শেখ হাসিনা।