রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারির অ্যাকাউন্ট অফিসার ইরফানুল ইসলামের (৪৯) মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে জালকুঁড়ির একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, মরদেহটি ঢাকার দৃক গ্যালারির এক কর্মকর্তার।
উদ্ধারের সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। পড়নে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবি।
ইরফানুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, শনিবার দুপুরে কলাবাগান এলাকার একটি ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।