কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান।
কুমিল্লা সেনানিবাসে কাছে এ হত্যাকাণ্ডের ১৩ দিন পর সোমবার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল।
এরইমধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে চার দিন আগে-- সেই প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা বলেন, ময়নাতদন্ত দলের সদস্য ফরেনসিক বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বিকেলে তার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি এখন প্রতিবেদনটি পুলিশে দেবেন। তবে ওই প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
এদিকে, ১৩ দিনেও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
সোমবার সকালে রাজধানীর একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে তনু হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ মন্তব্য করেন।
এ সময় বলেন, সরকার এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
সারাদেশ থেকে গণস্বাক্ষর জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে বিচারের পক্ষে জনমত গড়ে তোলা হবে বলে জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এদিকে, হত্যার প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সকালে রাজধানীর তেজগাঁও কলেজে ধর্মঘট পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ সবেশ কয়েকটি ছাত্র সংগঠন। এসময় তারা ক্লাস বর্জন করে প্রতিবাদ সভায় যোগ দেয়।
এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
গত ২০মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় ১ এপ্রিল থেকে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থীরা গণস্বাক্ষর দেন।