ইউরোপে অবৈধ প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে অবৈধ বাংলাদেশিরা দেশে ফেরার পর বৈধ প্রক্রিয়ায় আবারো ইউরোপ যেতে পারবেন বলেও জানিয়েছে ইইউ।
জবাবে বাংলাদেশ সরকার জানিয়েছে, বিশদ পর্যালোচনা ও যাচাই বাছাই সাপেক্ষেই এ বিষয়ে কাজ শুরু করা হবে।
ইউরোপে আড়াই লাখ বাংলাদেশি অভিবাসীর মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশি অবৈধ। এ নিয়ে চরম উদ্বিগ্ন ইউরোপ। ইউরোপ চাইছে এসব অবৈধ বাংলাদেশি যতো দ্রুত সম্ভব দেশে ফেরত যাক।
বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এরসুরাহা করতে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি প্রতিনিধিদল ঢাকা আসে।
সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। বৈঠক শেষে প্রতিনিধিদল জানায় ইউরোপে অবৈধ বাংলাদেশি নিয়ে তাদের উদ্বেগের কথা।
স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, পারস্পরিক সহযোগিতায় এ বিষয়ে সমাধানের কথা। অবৈধ বাংলাদেশিদের ফেরত আনা হলেও পরবর্তীতে বৈধ প্রক্রিয়ায় আবারও সেসব বাংলাদেশি ইউরোপ যেতে পারবেন।
বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও পাকিস্তান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইউরোপ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান মন্ত্রী।