জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও কমবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।
সরকার তেলের দাম কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখে পরিবহনের ভাড়া সমন্বয় করার নির্দেশ দেন মন্ত্রী। বিআরটিসিসহ সরকারি-বেসরকারি সকল গণ পরিবহন তেলের দাম কমার অনুপাতে ভাড়া কমানোর প্রস্তুতি নিতে বলেন।
এছাড়া রাজধানীর যানজট কমাতে যেখানে সেখানে পার্কিং বন্ধ, ফুটপাথ দখলমুক্ত, দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকসা বা ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়ার কথা বলেন মন্ত্রী।
এছাড়া যেসব গণপরিবহনে নারীদের জন্য আসন নেই এবং নানাভাবে হয়রানি করা হচ্ছ সে ব্যাপারেও ব্যবস্থা নিতে বিআরটিএ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে বিআরটিএ'র বিভিন্ন সার্কেল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গত তিন মাসে সারাদেশে বিআরটিএ পরিচালিত নানা কার্যক্রম তুলে ধরে কর্মকর্তারা, বেসরকারি খাতের কিছু পরিবহনের নির্দেশনা না মানার কথা জানান। দ্রুত সময়ের মধ্যে এব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সড়কমন্ত্রী।