আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ৬ মাস সময় পাচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঘোষিত সময়ের মধ্যে সরাতে ব্যর্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে রাজউক ও সিটি করপোরেশন এসব প্রতিষ্ঠান উচ্ছেদ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আবাসিক এলাকায় অনুমোদন নিয়ে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদেরকেও সরকার ঘোষিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠান সরাতে হবে। তবে সেবামূলক প্রতিষ্ঠানের বিষয়ে স্থানীয়ভাবে বিবেচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
মোশাররফ হোসেন বলেন, মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
সরকারের হিসেব অনুযায়ী রাজধানীর আবাসিক এলাকাগুলোত বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে ৫হাজার ৪শ ৮৮টি প্লট। যার মধ্যে বৈধ মাত্র ৫৬৮ টি এবং বাকী চার হাজার ৯শ বিশটি প্লটেই অবৈধভাবে এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।