রাজধানীকে বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ডিটেইল এরিয়া প্ল্যান-ড্যাপ বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হচ্ছে—জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সচিবালয়ে ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী বলেন, হাতিরঝিল এলাকায় ভবন নির্মাণে যেসব বিধি নিষেধ দেয়া হয়েছিল—তাতে সংশোধনী এনে রাজউকের আইন অনুযায়ী ভবন নির্মাণে অনুমতি দেয়া হয়।
এছাড়া ড্যাপ এরিয়ার মধ্যে ব্যবসায়ীক উদ্দেশ্যে যেসব ভবন বা প্লট তৈরির অনুমতি দেয়া হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান খন্দকার মোশাররফ।
রাজধানীকে পরিকল্পিত ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলার জন্য ডিটেইল এরিয়া প্লান-ড্যাপ প্রণয়ন করে সরকার—তবে সরকার পরিবর্তনের পালা বদলে দীর্ঘ দিনেও এ পরিকল্পনা বাস্তবে রূপ পায়নি।