সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট দূর করাসহ রাস্তায় সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে শিগগিরই সড়ক পরিবহন আইন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত সড়ক পরিবহণ আইন-২০১৬ এর খসড়া নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
একটি অধ্যাদেশকে আইনে পরিণত করতে ৩৩ বছর সময় লাগে তা ভাবতেও অবাক লাগে— মন্তব্য করে মন্ত্রী বলেন, সময়োপযোগী আইন না হলে জনগণের সেবা করা যায় না।
সড়ক পরিবহন আইন ২০১৬ এ জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি করার উপরও জোর দিয়ে ওবায়দুর কাদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ওপর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।
এতে বাংলাদেশে ২১ হাজার মানুষ বছরে নিহত হয় এমন তথ্য সম্পূর্ণ অসত্য বলেও মন্তব্য করেন তিনি।