জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ-২০১৬ তে ১২ হাজার ১১০ যাত্রী কমিয়ে সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ বছর ১ লাখ ১৩ হাজার ১৬৮ জন হাজির পবিত্র হজ পালন করা কথা ছিল, কিন্তু ১২ হাজার ১১০ জন কমানো হয়েছে। এতে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৫৮ জন হাজি পবিত্র হজ করতে যেতে পারবেন।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধনী অনুযায়ী এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫৮ যাত্রী হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার হজ যাত্রী।
তিনি আরো বলেন, এ বছর ব্যক্তিগতভাবে কোরবানি দেয়ার সুযোগ নেই। ই-টোকেনের মাধ্যমে কোরবানির অর্থ জমা দেবে এবং সৌদি সরকারই সব ব্যবস্থা করবে। শুধু কোরবানি নয় এ বছর সব কিছুই ই-পেমেন্টের মাধ্যমে করা হবে। সৌদি সরকারের পরামর্শেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়াও প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস হিসেবে উদযাপনের প্রস্তাবনার অনুমোদনও দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।