বিএনপি-জামাত সহিংসতা না করলে এক বছর আগেই প্রবৃদ্ধি ৭% ছাড়িয়ে যেতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন নির্বাচিত উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যখন উজ্জল হচ্ছে তখনই আবার বিএনপি-জামাত একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কারণেই প্রবৃদ্ধি বেড়েছে—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় বলেই এটি সম্ভব হয়েছে। ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের হাতে ক্ষমতা চলে যায়, সংবিধানকে ক্ষত-বিক্ষত করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চালায়।
তিনি আরো বলেন, দীর্ঘ একুশ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে পুর্ণগঠন করে। তবে ২০০১ থেকে টানা সাত বছর বিএনপি-জামাত এবং তত্তাবধায়ক সরকার দেশকে সবক্ষেত্রেই পেছনে নিয়ে যায়। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গ্রাম-শহর থেকে দেশের সব পর্যায়ে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে, এ সাফল্য ধরে রাখতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।