জ্বালানি তেলের দাম প্রথম ধাপে কমানোর সময় আবারো পেছানো হলো। কমে যাওয়া দাম কার্যকর হবে পহেলা বৈশাখের পর ৭ থেকে ১০ দিন নাগাদ পরিপত্র জারির পর।
অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ থেকে ১৫ টাকা কমানো হবে। আর ডিজেল ও কেরোসিনের দাম কমবে ৪-৫ টাকা।
বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেন।
কৃত্রিম সঙ্কট তৈরি ও দাম রাখার কারণে এরই মধ্যে ৩৫০টি পেট্রোল পাম্প সনাক্ত করা হয়েছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ করে পর্যায়ক্রমে সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রয়েছে বলেই দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
গত ৬ এপ্রিল ১০ দিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমাতে পরিপত্র জারির কথা বলেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে আজ সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে সময় বাড়িয়ে বলেন, পয়লা বৈশাখের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে তা জারি করা হবে।
বিশ্ব বাজারে গত কয়েক বছর ধরে তেলের দরপতন চলার কারণে দেশের বাজারেও সব ধরনের জ্বালানির দাম কমানোর দাবি উঠলে, সব ধরনের জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরই মধ্যে ফার্নেস অয়েলের দাম কমানো হলেও অকটেন, কেরোসিন, ডিজেল ও পেট্রোলের দাম কমানো হয়নি।