বাংলা নববর্ষ যাতে সারা দেশের মানুষ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে আইন-শৃঙ্খলাবাহিনীর প্রস্তুতি দেখতে রমনা বটমূল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গতবছরের মতো অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটতে দেয়া হবে না— সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান না করতে আবারো আহ্বান জানান তিনি।
প্রতি বছরের মতো এবারো রাজধানীতে বর্ষবরণের মূল আকর্ষণ রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা।
রমনা বটমূল ও বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, সিসিটিভি, কন্ট্রোলরুম খোলা হয়েছে। বোম্ব স্কোয়াডের পাশাপাশি থাকছে ডগ স্কোয়াড। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হয় নিরাপত্তা মহড়া।
পরে সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সারাদেশে পোশাকে ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে— যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এক প্রশ্নের জাবাবে মন্ত্রী আবারো জানান, নিরাপত্তার স্বার্থেই সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করার আহ্বান জানানো হয়েছে।