দীর্ঘ এক মাস ধরে ওয়াসার পানি সরবরাহ না থাকায় বিক্ষোভ করেছেন মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার বাসিন্দারা। এ সময় তারা নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দাবি জানান। কিছু সময়ের জন্য সামনের সড়ক অবরোধ করেন তারা।
গ্রীষ্ম মওসুম শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। মোহম্মদপুর, মিরপুরসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গত এক মাস ধরে ওয়াসার পানি সরবরাহ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এক মাস ধরে পানি না পেয়ে মিরপুরের সেনপাড়া পর্বতার ক্ষুব্ধ বাসিন্দারা শুক্রবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। মিরপুরের আশপাশের এলাকা থেকে অনেক কষ্টে পানি সংগ্রহ করে দৈনন্দিন গৃহস্থালী কাজ করতে হচ্ছে বলে জানালেন তারা।
পানির দাবিতে বিক্ষোভের খবর পেয়ে ওই এলাকায় যান ওয়াসার কর্মকর্তারা বলেন, পানির পাম্প না থাকায় এ এলাকায় পানি সরবরাহ কঠিন হয়ে পড়েছে। দ্রুত পানি সংকট নিরসনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তারা।
এদিকে, অবিলম্বে পানি সংকটের সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।