অপরাধীকে গ্রেপ্তার যদি অপরাধ হয় তাহলে এদেশে বিচার সম্ভব নয়—বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় শফিক রহমান ও মাহমুদুর রহমানের জড়িত থাকার বিষয়টি মার্কিন আদালতে এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এদের পক্ষে যারা কথা বলছে তাদের লজ্জা হওয়া উচিত। যারা ষড়যন্তের লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মুক্তচিন্তার নামে যারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে—তা কখনোই মুক্তচিন্তা হতে পারে না বলেও জানান প্রধানমন্ত্রী।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রে জড়িত দুজন সাংবাদিকের গ্রেপ্তার নিয়ে যারা কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি আরো বলেন, যারা এদের পক্ষে কথা বলছে তাদের লজ্জা হওয়া উচিত।
বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তচিন্তার নাম করে যা লেখা হচ্ছে তা বিকৃত মানসিকতা।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে জানিয়ে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে ২৪ বছরের সংগ্রামের ফসল বাংলাদশ। জানান, হানাদারদের দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।