সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় বাধা নির্বাচন কমিশন নিজেই—এমন মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, দুই দফার ইউপি নির্বাচনের অনিয়ম নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল। এতে বিএনপিসহ মহাজোটের অন্যান্য রাজনৈতিক দলগুলোও ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এমন দাবি করে এজন্য কমিশনকে দায়ি।
তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যার ফলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। জনকল্যাণমুখী রাজনৈতিক দল না থাকলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কখনোই সম্ভব নয়।
সম্মেলনে বলা হয়, কমিশনারদের অদক্ষতা ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে তারা নিজেদের কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন। ফলে পুরো নির্বাচনী প্রক্রিয়া ধ্বংসের দিকে যাচ্ছে।
নির্বাচনে অনিয়ম ও সহিংসতা স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হএয়ার দাবি জানানো হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে সম্মেলনে আর বলা হয়, নির্বাচন সম্পর্কে কমিশনের সুষ্পষ্ট ধারণা না থাকায় নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছে না কমিশন। যার ফলে নির্বাচনী সহিংসতায় প্রাণহানি ঘটেই চলেছে। একইসঙ্গে মনোনয়ন বাণিজ্যের কারণে কলুষিত হয়ে যাচ্ছে নির্বাচনী প্রক্রয়া।