রাজধানীর মোহাম্মদবাগে হেলে পড়া ভবন ও তার পাশের ভবন থেকে বাসিন্দাদের বের করে বুধবার দুপুরে তালা মেরে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
এছাড়া বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে বাড়ি দুটি পরীক্ষার পর রিপোর্ট জমা দিতে মালিকদের নির্দেশনাও দেয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে রাজউক।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদবাগে একটি চারতলা ভবন পাশের একটি বহুতল ভবনের উপর হেলে পড়ে। এলাকাবাসীর দাবী সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পেই এ ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস ও রাজউকের প্রতিনিধিদল ভবন দুটি পরিদর্শন করে এর বাসিন্দাদের বুধবার সকাল ১০টার মধ্যে ভবন ত্যাগ করার নির্দেশ দেয়।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ভবন দুটির মালিক। বুধবারও তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, তেঁজগাওয়ের এয়ারপোর্ট রোডের একটি বাণিজ্যিক ভবনের একাংশ হেলে পড়ার ঘটনায় ওই অংশের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজউক।