তৈরি পোশাক খাতে কর্ম পরিবেশ ও শ্রমমান উন্নয়নের অগ্রগতিকে সন্তোষজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
যদিও সংস্থাটির হিসেবে গত একবছরে এ বিষয়ে গৃহীত উদ্যোগের সম্পূর্ণ বাস্তবায়ন দেখানো হয়েছে শতকরা মাত্র ৯ ভাগ আর ৫৭ ভাগ সন্তোষজনক অগ্রগতি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গবেষণা রিপোর্ট প্রকাশের পাশাপাশি তৈরি পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় পৃথক মন্ত্রণালয় গঠন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য কল্যাণ তহবিল গঠনের মতো কিছু সুপারিশও করেছে টিআইবি।
দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে—তবে রানা প্লাজা দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। এরপর এ বিষয়ে নজর দেয় সরকার ও তৈরি পোশাক মালিকদের সংগঠন এবং বিদেশি বায়াররা।
গতবছরের এপ্রিল থেকে এবছরের মার্চ পর্যন্ত টিআইবির হিসেবে দেশের তৈরি পোশাক খাতে কর্ম পরিবেশ ও শ্রমমান উন্নয়নের অগ্রগতি সন্তোষজনক।
কিন্তু এ খাতে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছে সংস্থাটি—দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
এছাড়া, তৈরি পোশাকের মূল্য এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশও করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
তৈরি পোশাক খাত ও শ্রমিকের কল্যাণে সংশ্লিষ্ট মহলকে আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে।