সরকার, জনগণ, ভোক্তা, কৃষক গণমাধ্যম সকলের সমন্বিত প্রচেষ্টাতেই মৌসুমী ফল বিষমুক্ত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এবং সরকারি কৃষি কর্মকর্তাদের সঙ্গে খামারিদের যোগাযোগ বাড়িয়ে সচেতন করার মধ্য দিয়ে বিষমুক্ত ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তারা।
শুক্রবার রাজধানীর কলাবাগানে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।
মধুমাস জ্যৈষ্ঠ—এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আম, কাঁঠাল, লিচু, আনারস,তরমুজসহ নানা রঙের বিভিন্ন মৌসুমী ফল। তবে এসব ফল পাকানো ও রং আকর্ষনীয় করতে গাছে থাকতেই দেয়া হচ্ছে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক।
সে কারণে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিষমুক্ত ফল পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ক্রেতারা।
সরকারের পক্ষ থেকে কীটনাশক সরবরাহ এবং কি পরিমান কীটনাশক ব্যবহার করতে হবে সেজন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে বিষযুক্ত ফল থেকে উত্তোরণ সম্ভব বলে মনে করেন বক্তারা।
কৃষকদের সচেতনতা বাড়িয়ে এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন তারা।