পাসপোর্ট অফিসে যেন দুর্নীতি না সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যে পারি তা বিশ্বকে দেখিয়েছি— অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত তখন আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছি—এখন তা ৭ শতাংশে উন্নীত হয়েছে, এই উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবে।'
প্রধানমন্ত্রী বলেন, 'উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলবো— এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা বেতন বাড়িয়েছি— এক সঙ্গে এতো বেতন বাড়াতে পারে এমন নজির পৃথিবীর কোথাও নেই, বেতন বাড়িয়েছি এমনভাবে যাতে একটি পরিবার স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলতে পারে আর দুর্নীতি আর করতে না হয়।
তিনি আরও বলেন, এই দেশটা আমাদের— আমরা এই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।'
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা পাসপোর্ট ও ইমিগ্রেশন সেক্টরকে আরো আধুনিক সেক্টরে পরিণত করতে চাই— আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে চায়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের ভবন উদ্বোধন করেন। পরে তিনি ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা ফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে পর্যায়ক্রমে সারাদেশে আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপন করা হবে বলে এসময় জানান প্রধানমন্ত্রী।
ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।
পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।