অতীতে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে কলাবাগানে জোড়া খুনের মিল রয়েছে—উল্লেখ করে হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। এ ঘটনায় দুটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার কলাবাগানের তেঁতুলতলা এলাকায় অধিকার কর্মী জুলহাজ ও নাট্যকর্মী তনয় হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্লগার ও রাবির শিক্ষক হত্যার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া সব ঘটনার এক সূত্রে গাঁথা নয় বলেও জানান তিনি।
আর দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, হত্যারহস্য তদন্ত শেষে উন্মোচিত হবে।
সেইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো বলে আবারো মন্তব্য করেন স্বরাস্ট্রমন্ত্রী।
এদিকে, সকালে ধারালো অস্ত্রের আঘাতেই ২ জনের মৃত্যু ও প্রশিক্ষিত খুনিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। খুনের ধরণ আগের হত্যাকাণ্ডগুলোর মতোই বলেও জানান চিকিৎসক।
এ ঘটনায় সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে কলাবাগান থানায় ২টি মামলা করে নিহত জুলহাজের বড় ভাই ও পুলিশ।
সোমবার বিকালে রাজধানীর কলাবাগানে পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডি'র কর্মী জুলহাজ ও তার বন্ধু নাট্যকর্মী তনয়কে। হত্যাকাণ্ডের সময় জুলহাজের মা ছুটে এলে ঘাতকদের একজন তার দিকেও চেয়ার ছুঁড়ে মারে। পালানোর সময় ঘাতকদের ঠেকাতে গেলে বাসার নিরাপত্তা প্রহরী ও একজন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে তারা।