বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি দারিদ্র্য—দেশ থেকে দারিদ্র্য দূর করতে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর কোনো বিকল্প নেই।
দেশের প্রবৃদ্ধি আর নিরাপত্তা নিয়ে মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বাংলাদেশের পথচলা’ শীর্ষক সম্মেলনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলে ছিলেন, ‘আমাদের দেখতে হবে আমরা কিসের জন্য কী ছাড় দিচ্ছি। আমরা যদি নিরাপত্তার কথা ছেড়ে দেই, স্বাধীনতা ছেড়ে দেই, সবকিছু ছেড়ে দেই, তখন অর্জিত প্রবৃদ্ধি নিয়ে আমরা কোথায় যাচ্ছি? এ প্রবৃদ্ধি কিসের জন্য?’
মঙ্গলবার একনেকের বৈঠক শেষে এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
এ সময় মুস্তফা কামাল বলেন, নিরাপত্তাহীনতা সব দেশেই আছে। দারিদ্রই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, প্রবৃদ্ধি দিয়ে দারিদ্রের মোকাবেলা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলতি অর্থবছরে একনেকের ২৮তম সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত দেশের অভ্যন্তরীন সড়কগুলোর সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চল উন্নয়নসহ মোট ৬ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে।