বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশের অর্থনীতির আপাতত ক্ষতি হলেও যথাযথ ব্যবস্থা নেয়ায় দীর্ঘমেয়াদে কোনো প্রভাব পড়বে না- বলে জানিযেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে সংসদে দশম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ওই ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আরো বড় ধরনের হ্যাকিং বন্ধ করা গেছে। দীর্ঘমেয়াদে অর্থনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
বিভিন্ন সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার সক্ষম হয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থ পাচার বন্ধে সরকার সচেষ্ট।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।