অধিকারকর্মী ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় খুনের তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল।
শুক্রবার রাজধানীর এলিফেন্ট রোডে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্লোজ সার্কিট টেলিভিশিন ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুতই তা প্রকাশ করা হবে। অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।
হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করা গেছে কি-না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।
এদিকে, কলাবাগানে অধিকারকর্মী জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে হত্যার পর খুনিদের পালিয়ে যাবার দৃশ্য কয়েকশ গজ দূরের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ সে ফুটেজ পেয়েছে।
ফুটেজে দেখা যায় খুন করার পর দৌড়ে পালাচ্ছে ৫ যুবক। এসময় ফুটেজে সন্দেহভাজন আরো তিনজনকে আলাদা দুটি স্থানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। ঔ ৫ যুবক পালিয়ে যাবার পরপরই স্থান ত্যাগ করে এই তিন যুবক।
এরমধ্যে সিসিটিভির অদূরে থাকা দুই যুবকের প্রাথমিক পরিচয় মিলেছে-দুই জনের বাসাই কলাবাগানে। তবে তাদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখোনো কিছু বলেনি।