দেশে মুক্তচিন্তার মানুষদের রক্ষায় জামাত-শিবির ও হেফাজতের তৎপরতা বন্ধের পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন নিহত বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের বাবা ড. অজয় রায়। তার আশঙ্কা, চিহ্নিত খুনি চক্রের লাগাম টেনে ধরতে না পারলে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
শুক্রবার দেশ টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
হত্যাকারীদের ধরতে না পারাকে আইনশৃঙ্খলাবাহিনীর অদক্ষতা ও ব্যর্থতা বলে মন্তব্য করেছেন লেখক অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।
সঙ্ঘবদ্ধ এ খুনিচক্রের হাত থেকে দেশের মুক্তচিন্তার মানুষদের বাঁচাতে জামাত-শিবির ও হেফাজতে ইসলামের কর্ম তৎপরতা বন্ধের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সম্প্রতি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অভিজিতের ৩ খুনি দেশের বাইরে পালিয়ে গেছে— এ কথার প্রেক্ষিতে অজয় রায় বলেন, ব্যর্থতা ঢাকতেই এমন কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিজিৎ রায়ের খুনিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বছর একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের অদূরে দুর্বৃত্তদের হামলা নিহত হন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়।
১৪ মাস পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনো ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও আসল খুনিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরেই রয়েছে।