আসন্ন রমজান মাসে সরকারি অফিসে কাজের সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি থাকবে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রোজার সূচি বৈঠকে উপস্থাপন করলে মন্ত্রিপরিষদ তাতে সম্মতি দেয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে।
আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর জুন মাসের প্রথম সপ্তাহের শেষে রোজা শুরু হতে পারে।
এছাড়া ৭ বছরের জেল-জরিমানার বিধান রেখে রেলওয়ে সম্পত্তি আইন-২০১৬'র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও কোম্পানি আইন ১৯৯৪'র নিবন্ধন ফি প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দেয়া হয়েছে। আর কুয়েতের সঙ্গে সাক্ষরের জন্য বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি ও সুরক্ষা চুক্তির খসড়াও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
উভয় দেশের সরকারি পর্যায়ে বিনিয়োগ ও পারস্পরিক বিনিয়োগ ভিসা সুবিধা নিশ্চিত করতে এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সচিব। আর কুয়েতের সঙ্গে সাক্ষরের জন্য কূটনৈতিক বিশেষ এবং অফিসিয়াল পাসপোর্ট ভিসা অব্যাহতির চুক্তির খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা