হাওড়—বাওড়সহ বিভিন্ন জলাভূমি যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথম সভায় তিনি এ কথা বলেন।
সূচনা বক্তব্যে হাওড়—বাওড়সহ বিভিন্ন জলাধারকে এদেশের প্রাণ অভিহিত করে শেখ হাসিনা বলেন, জলাভূমি থেকে অধিক পরিমাণে সম্পদ আহরণ করে দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব।
তিনি আরো বলেন, হিমালয়ের নদীগুলোর পানি বিভিন্ন দেশ সরিয়ে নেয়ায় এদেশের নদ-নদীগুলোতে পানি প্রবাহ কমে গেছে। জলাধারগুলো সংরক্ষণ করতে হবে, হাওড় উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে নতুন করে।
সম্ভাবনা থাকা সত্ত্বেও হাওড় অঞ্চলের মানুষ দরিদ্র— এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন একান্ত প্রয়োজন।
এদিকে, সভার শুরুতে হাওড় মাস্টারপ্লানের চূড়ান্ত কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।