সব আইনি প্রক্রিয়া শেষ করেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে কোনো ধরনের তাড়াহুড়ো করবে না সরকার। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রইব্যুনালের পর সর্বোচ্চ আদালতও একই আদেশ বহাল রেখেছে। এখন তার একমাত্র বাঁচার উপায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। তবে তিনি প্রাণভিক্ষা চাইবেন কি-না?—তা তার নিজস্ব ব্যাপার। প্রাণভিক্ষা চাইলে কারাকর্তৃপক্ষকে তিনি অবহিত করবেন। যদি আবেদন না করে তাহলে আইন অনুয়ায়ী যা হবার তাই হবে।
উল্লেখ্য, নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল নিজামীর প্রাণভিক্ষার বিষয়টি।