ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশকে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনসভার একদল সদস্য।
তাদের মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি রয়েছেন এছাড়াও আছেন মাইক হোন্ডা, এলিয়ট এ্যাঞ্জেল, গ্রেস মেং, জো লফগ্রেন, টেড লিউ, এলান লয়েন্থেল ও তুলশি গ্যাবার্ড।
পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তারা লিখেছেন, ঘাতকদের গ্রেপ্তারের বিষয়টিতে বাংলাদেশ যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেজন্যে জন কেরিকে আরো সোচ্চার হতে হবে।
গত ২৫ এপ্রিল ঢাকায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় সমকামী অধিকারকর্মী জুলহাজ ও নাট্যকর্মী তনয়কে। বাংলাদেশে সমকামী ও হিজড়াদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকাশিত একমাত্র সাময়িকী রূপবান সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি।
জন কেরি ইতোমধ্যে এই ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।
তিনি তার সহকারী নিশা দেশাই বিসওয়ালকেও বাংলাদেশে পাঠান পরিস্থিতি খতিয়ে দেখতে।
জুলহাজ ও তনয়কে জঙ্গিরা হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
গত বছর ঢাকায় লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডেও জঙ্গিরা জড়িত ছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে।
কংগ্রেস সদস্যদের চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ খুনের বিষয়টি তুলে ধরে বলা হয়, গত এক বছরে বাংলাদেশে এই ধরনের আরও হত্যাকাণ্ড ঘটেছে যার শিকার হয়েছেন মুক্তবুদ্ধি চর্চার মানুষেরা।