মেধা, মনন ও সৃষ্টিশীলতা দিয়ে দুর্নীতির উর্ধ্বে থেকে নিয়ম মেনে দেশের উন্নয়নে কাজ করে যেতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অবকাঠামোসহ প্রযুক্তি ও সৃজনশীল কাজে প্রকৌশলীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন তিনি।
এ সময় জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক দুর্যোগের বিষয় মাথায় রেখে আগামী ৫০ থেকে ১০০বছরের পরিকল্পনা নিয়ে অবকাঠামো নির্মাণের দিক নির্দেশনা দেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের যোগাযোগ উন্নয়ন ও অবকাঠামো নির্মানে প্রকল্প কাজের গুণগত মান ও নির্মাণকাজের ত্রুটি নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তা দুঃখজনক উল্লেখ করে সততা ও নিষ্ঠা দিয়ে জনগণের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্যব্যবহার করে কাজ করে যেতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতা এবং শ্রম কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে এবং বাংলাদেশকে আগামী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকৌশল জ্ঞানের বিকাশ ও প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের উদ্দেশ্য গঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ-আইইবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি।