আজ বিশ্বের অনেক দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। মা ও মাতৃত্বের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে পালিত হয় এ দিবসটি। যদিও মাকে শ্রদ্ধা ও ভালবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই, মায়ের প্রতি ভালবাসা অকৃত্রিম ও চিরান্তন। তারপরও বিশ্বের সকল মানুষ যাতে একসাথে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সেজন্য সারা বিশ্বে মা দিবস পালন করা হয়।
বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। এর আগে প্রাচীন গ্রীসে প্রতি বসন্তকালে একটি দিন গ্রিক মিথ অনুসারে দেবতাদের মা 'রিয়া, যিনি ক্রোনাসের সহধর্মিণী তার উদ্দেশ্যে উদযাপন করা হতো মা দিবস। তবে সেই মা দিবস আর আজকের মা দিবসের প্রেরণা ভিন্ন।
উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন। তার সে ভাবনা বাস্তবায়নের আগে ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন।
বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালের এক রোববার তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন।
পরে ১৯১৪ সালের ৮ মে যুক্তরাষ্ট্রের তৎকালীর প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে 'মা দিবস' হিসেবে ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।