ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিএনপি-জামাত সরকার উৎখাতের চক্রান্তে লিপ্ত হয়েছে—অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশবিরোধী চক্রান্তের সব প্রমাণ উপস্থাপনের মাধ্যমে বিএনপি-জামাতের রাজনীতি বন্ধেরও দাবি তোলার সময় এসেছে–তবে তাদের এ চক্রান্ত কখনোই সফল হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এ সময় আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল থাকার রায়ে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিব্রত করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে ওকালতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
শারিয়ারর বলেন, সময় এসেছে বিএনপি-জামাতের চক্রান্তের প্রমাণ উপস্থাপন করে এদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করার।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়কমন্ত্রী মর্গান জোহানসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আধা ঘণ্টার বৈঠকে অভিবাসন নিয়ে বাংলাদেশ, সুইডেন ও আইএলও এর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে।