মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্বজনেরা। কারাগারের ভেতরে প্রায় ২ ঘণ্টা অবস্থানের পর ৯টা ৩০ মিনিটে তারা বের হন।
এর আগে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে তার সঙ্গে দেখা করতে স্বজনদের ডাকে কারা কর্তৃপক্ষ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কারাফটকে পৌঁছান নিজামীর ২৬ জন স্বজন। এর ৫/৭ মিনিট পর প্রক্রিয়া শেষে কারাগারের ভেতরে যান তারা।
এদিকে, মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সারাদিন জেলগেটের সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ভিড় করেছেন।
বিকেলে নিজামীর আইনজীবী মতিউর রহমান আখন্দ বলেন, কারা কর্তৃপক্ষ দেখা করতে যেতে বলে উনারা (পরিবার) যাচ্ছেন।
যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড মঙ্গলবার কার্যকর হবে কি না, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের স্পষ্ট কোনো ঘোষণা না এলেও স্বজনদের ডেকে পাঠানোর মধ্যে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারা এলাকায় বিকেল থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারাগারের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয়েছে— যানবাহন সীমিত করে দেয়া হয়েছে।