শুরু হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। ৫ দিনের এ সম্মেলন সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে শুরু হয়।
এতে বাংলাদেশের পক্ষে ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আর বিএসএফের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন এর মহাপরিচালক কে কে শর্মা।
সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা, সীমান্তের ওপাড় থেকে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়াও সভার সূচনা বক্তব্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।
যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। আগামী সোমবার সকালে বৈঠকের বিস্তারিত তুলে ধরে যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই মহাপরিচালক।
এদিকে, বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর একটি প্রতিনিধিদল সীমান্ত পরিবার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।