সীমান্তে যেকোনো হতাহতের ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
সোমবার সকালে মহাপরিচালক পর্যায়ে ছয় দিনের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত ১২ মে থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ সম্মেলন শুরু হয়।
বিজিবি মহাপরিচালক বলেন, সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, মাদক পাচার রোধ ও চোরাচালান বন্ধে করণীর বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।
এছাড়া বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও বিস্ফোরক পাচার, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রামে ফেলানি হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে-- এ বিষয়ে কোনো কথা বলা ঠিক না।
বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা বলেন, চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে এক শিশু নিহত হওয়ার ঘটনায় একজন অফিসারসহ ৭ জন বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।